সুনামগঞ্জে পানি কমেছে, বেড়েছে দুর্ভোগ
হাওরের প্রবল ঢেউয়ের তোড়ে ভেঙে যাওয়া বসতঘর মেরামতের কাজে ব্যস্ত কৃষিশ্রমিক আক্কল আলী (৪০)। বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়া মাটির চুলা তৈরি করছেন তাঁর স্ত্রী নারগিস আক্তার (২৬)। ঘরের ভেতর থেকে পানি নেমেছে, কিন্তু নরম মাটি স্যাঁতসেঁতে হয়ে আছে।
গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের শান্তিপুর গ্রামে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।
গত তিন দিন বৃষ্টি না হওয়ায় এবং উজান থেকে পাহাড়ি ঢল না নামায় সুনামগঞ্জে পানি কমছে। ঘরবাড়ি থেকে নেমেছে বন্যার পানি। পানি নেমে গেলেও বেড়েছে মানুষের দুর্ভোগ।
শান্তিপুর গ্রামের পশ্চিমে আঙ্গারুলি এবং পুবে খরচার হাওর। গ্রামে ৬০ থেকে ৭০টি পরিবারের বসবাস। বন্যায় প্রায় সবার ঘরেই পানি উঠে যায়। প্রথম দিকে কেউই বসতঘর ছাড়তে চায়নি। পরে পানি আরও বেড়ে যাওয়ায় অন্তত ১২টি পরিবার আত্মীয়দের বাড়িতে গিয়ে আশ্রয় দেন। গতকাল গিয়ে জানা গেছে, সবাই গ্রামে ফিরেছে।
গ্রামের জামাল উদ্দিন বলেন, পানি কমলেও তাঁদের দুর্ভোগ কমেনি। বন্যার পানিতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের তোড়ে ভিটে ভেঙে গেছে। এখনো খাওয়ার পানির সংকট আছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের পক্ষে কঠিন। জামাল উদ্দিনের স্ত্রী মাফিয়া আক্তার বলেন, পানি কমতে শুরু করায় গ্রামে নানা রোগবালাই দেখা দিচ্ছে। বাচ্চাদের পেটের পীড়াই হচ্ছে বেশি।
আরেক গৃহিণী আমেনা বেগম (৩৫) বলেন, ঘরে পানি উঠলেও তেমন কোনো সহায়তা পাননি তাঁরা। একদিন উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু চাল-চিড়া দেওয়া হয়েছে। আরেক দিন একইভাবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কিছু চাল আর চিড়া দিয়েছেন। আর কেউ যায়নি তাঁদের গ্রামে।
স্থানীয় ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী বলেন, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে। তবে তিনি উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ করা ত্রাণ দুর্গত ব্যক্তিদের দিচ্ছেন। পাশাপাশি আরও ত্রাণ পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করছেন।