সুনামগঞ্জে পানিবন্দী মানুষ

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট। সুরমা নদীর পানি আজ সোমবার দুপুর ১২টায় বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক, শাল্লা, জগন্নাথপুর ও দিরাই উপজেলার ১ লাখ ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বরাদ্দ পাওয়া নগদ সাড়ে সাত লাখ টাকা ও ১০১ মেট্রিক টন চাল বিতরণের কাজ চলছে। তবে বন্যাকবলিত এলাকায় এখনো কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি।
সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলা ও দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া শহরের মধ্যবাজার, মাছবাজার, ষোলঘর, তেঘরিয়া, হাসননগর, মল্লিকপুর, জলিলপুর, ফিরোজপুর, ওয়েজখালী ও বড়পাড়া এলাকা গতকাল রোববার রাতে প্লাবিত হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় বন্ধ হয়ে গেছে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। সুনামগঞ্জে প্রায় এক হাজার একর জমির আমন ধান ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে তিন শতাধিক পুকুরের মাছ। রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান জানান, টাকা ও চালের সঙ্গে শুকনো খাদ্য ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের।