সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাহাড়ি ঢলে ২০টি গ্রামের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাহাড়ি ঢলে ২০টি গ্রামের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিনটি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঢলের তোড়ে ভেঙে গেছে দুটি নদীর বেড়িবাঁধ। এলাকার রাস্তাঘাট প্লাবিত হওয়া ভোগান্তিতে পড়েছে মানুষ।
এলাকাবাসী জানান, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী ও বোগলা ইউনিয়নের চেলাই নদের বেড়িবাঁধ গত মঙ্গলবার রাতে পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে যায়।
এতে উপজেলার লক্ষ্মীপুর, বোগলা ও সুরমা ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের তিন শতাধিক ঘরবাড়িতে ঢলের পানি ঢুকে পড়েছে। একই সঙ্গে এলাকার রাস্তাঘাটে পানি ওঠায় উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে মানুষ।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল হক জানান, তাঁর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বক্তারপুর, রসরাই, সুলতানপুর, রড়কাটা, তেরাদল, নোয়াগাঁও, রসভূমি গ্রাম। একই সঙ্গে লক্ষ্মীপুর-দোয়ারাবাজার সড়কের কয়েকটি স্থান প্লাবিত হওয়ায় উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ জানান, তাঁর ইউনিয়নের চেলাই নদের বেড়িবাঁধ ভেঙে গেছে।
এতে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাটের ক্ষতি হয়েছে বেশি। বোগলা-বোলাখালি সড়কের চারটি স্থানে ভেঙে গেছে। তিনি জানান, উজান থেকে ঢলের পানি নামা অব্যাহত থাকায় পানি বাড়ছে।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, ঢলের পানিতে তাঁর ইউনিয়নের মহব্বতপুর, টিলাগাঁও, রাজনগর, কাওয়াঘর, মামুনপুর, শিমুলতলা, গিরিশনগর, বরকতনগর, খাগোরা, পেটিরবন্দ গ্রাম প্লাবিত হয়েছে। দোয়ারাবাজার-টেংরাটিলা সড়ক প্লাবিত হওয়ার যানবাহন চলাচল করতে পারছে না।
তিনি জানান, খাসিয়ামারা নদীর বেড়িবাঁধটি এবার সংস্কার না হওয়ায় পাহাড়ি ঢলের প্রথম ধাক্কাতেই ভেঙে যায়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। সীমান্ত এলাকার কিছু গ্রাম ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। তবে এটাকে বন্যা বলা যাবে না। বৃষ্টি না হলে এ পানি সরে যাবে। বিষয়টি তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন।