সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধে ভাঙন, বাজার ও ঘরবাড়ি প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বাজার। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সদর উপজেলার মঙ্গলকাটা বাজার ও আশপাশের গ্রামের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ঢলের পানিতে ভেসে গেছে এলাকার ৩০টি পুকুরের মাছ। আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে উজান থেকে ব্যাপক পরিমাণ পাহাড়ি ঢল নামে। এতে সীমান্ত এলাকার মঙ্গলকাটা বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হয়।

স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা বলেন, সুনামগঞ্জে গত রোববার থেকে টানা বৃষ্টি হচ্ছে। এ কারণে উজান থেকে নামছে পাহাড়ি ঢল। গতকাল সোমবার রাতেও ব্যাপক বৃষ্টি হয়। আজ সকালে ঢলের পানির চাপে মঙ্গলকাটা বাজারের পাশের ধলাই নদের বেড়িবাঁধ ভেঙে যায়। এরপরই মঙ্গলকাটা বাজার, আশপাশের সড়ক ও গ্রামের ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়। একই সঙ্গে অন্তত ৩০টি পুকুরের মাছ ভেসে যায়।

বাজারের ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছর এই সময়টায় সীমান্তের ওপারে ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে। গত কয়েক দিন থেকেই কমবেশি ঢল নামছিল। কিন্তু আজ সকালে হঠাৎ করে ব্যাপক ঢল নামে। বেড়িবাঁধ ভেঙে বাজারে পানি প্রবেশ করায় অনেক দোকানের জিনিসপত্রের ক্ষতি হয়েছে। দ্রুত ঢল আসায় অনেকে দোকান থেকে মালামাল সরাতে পারেননি।

মঙ্গলকাটা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী বিকেলে বলেন, সকালে পানি বেশি ছিল। এখনো বাজারে হাঁটুসমান পানি আছে। অনেকের দোকান থেকে পানি নামেনি। ঢলে শতাধিক দোকান প্লাবিত হয়েছে। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, পাহাড়ি ঢলে অন্তত এলাকার ৩০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে মাছচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সকালে কোনো কিছু বোঝার আগেই ঢলের পানি চলে আসে। একই গ্রামের অহিদ মিয়া জানান, গ্রামের ৫০টির মতো ঘরে ঢলের পানি ঢুকেছে। এতে ঘরের আসবাবের ক্ষতি হয়েছে। যাদের ঘরে মাটির মেঝে, তারা বিপাকে পড়েছে বেশি।

স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুকশেদ আলী বলেন, ‘পাহাড়ি ঢল প্রতিবছরই নামে। কিন্তু এবার বেশি পরিমাণে নেমেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা হয়েছে বেশি। আমরা ক্ষতিগ্রস্ত লোকজনের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদেরও অবহিত করেছি।’