সুনামগঞ্জে পিছিয়ে আছে হাওরের বিদ্যালয়গুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে বেশ পিছিয়ে আছে সুনামগঞ্জের হাওর এলাকার বিদ্যালয়গুলো।জেলায় সবচেয়ে ভালো ফল করেছে ছাতক উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে পাসের হার সর্বোচ্চ ৯৬ দশমিক ৭ শতাংশ। সেদিক থেকে পিছিয়ে আছে তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই ও ধরমপাশা উপজেলার হাওর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বনিম্ন পাসের হার তাহিরপুরে—৭৭ দশমিক ৯৫ শতাংশ। সেখানে ২২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৯৬২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে দুই হাজার ৩০৯ জন।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলায় এ বছর এক হাজার ৯১৭টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার ৬০ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৮০৩ জন। জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ৪১৯ জন। সবচেয়ে ভালো ফল অর্জনকারী ছাতক উপজেলার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার ৬০৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৩৮৩ জন।হাওর অঞ্চলের বিদ্যালয়গুলোর এই পিছিয়ে পড়া প্রসঙ্গে জেলার হাওরবাসীদের রক্ষায় কাজ করে যাওয়া ‘নাগরিক উদ্যোগ’-এর আহ্বায়ক নির্মল ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, বর্ষায় তিন থেকে চার মাস এসব এলাকার স্কুলগুলোয় শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত যেতে পারে না। এর বাইরে রয়েছে বোরো ধান কাটার মৌসুম। এ সময় কৃষিজীবী লোকজন তাঁদের ছেলেমেয়েদের স্কুলে দেন না। সব মিলিয়ে বছরের একটা উল্লেখযোগ্য সময় বাচ্চারা বিদ্যালয়ের বাইরে থাকে। এসব কারণে এই এলাকার বিদ্যালয়গুলো পিছিয়ে আছে।সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ধূর্জটি কুমার বসু বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে হাওর এলাকার জন্য একটি পৃথক শিক্ষা ক্যালেন্ডারের দাবি জানিয়ে আসছি। একই সঙ্গে বলছি, ধান কাটার মৌসুমে যেন ছুটি দেওয়া হয়। এখানকার মানুষের যোগাযোগের বিড়ম্বনাও রয়েছে। এসব বিষয় মাথায় রেখে এই এলাকার শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নিতে হবে।’তাহিরপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান বলেন, উপজেলায় সরকারি বা রেজিস্টার্ড বিদ্যালয়গুলোর ফলাফল খারাপ হয়নি। এখানে এফআইভিডিবি নামের একটি বেসরকারি সংস্থার পরিচালিত ৮৮টি কেন্দ্রে ৯৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাঁচ শতাধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের ২০টি কেন্দ্রের কোনো শিক্ষার্থী পাস করেনি। তাই গড় হিসাবে ফল ভালো দেখা যায়নি।