সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল রোব ও গত শনিবার রাতে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন নারীসহ ৩৫ জন। দক্ষিণ সুনামগঞ্জের খারারাই ও বিশ্বম্ভরপুরের গুলগাঁও গ্রামে এ দুটি সংঘর্ষ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, খারারাই গ্রামের ইউপি সদস্য আরশ আলী ও বশর মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল রোববার সকালে আরশ আলী ও বশর মিয়ার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে এর জের ধরে ছড়িয়ে পড়া সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে এখানে চিকিৎসাধীন অবস্থায় আহত আজাদ মিয়া (৪০) মারা যান। আহত অন্য ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।
থানার ওসি আল আমিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপর দিকে গুলগাঁও গ্রামে শনিবার রাত ১০টার দিকে সংঘর্ষে পাঁচ নারীসহ ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, গ্রামের নাছির মিয়া ও ইছব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই দিন বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাতে নাছির মিয়ার পরিবারের লোকজন এক প্রতিবেশীর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি নুরুল আবছার খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।