সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় প্রলয় রায় তালুকদার নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। প্রলয় রায় সিলেট ইসলামিয়া টেকনিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রলয়ের বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায়। শুক্রবার রাতে শহরের কাজীর পয়েন্ট এলাকায় তাঁকে একা পেয়ে কয়েক যুবক আক্রমণ করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার প্রলয়ের বড় ভাই রিপন রায় তালুকদার বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্ধুমহলে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী।