সুনামগঞ্জে বকেয়া বিলের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের বকেয়া বিলের দাবিতে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় প্রায় তিন ঘণ্টা ঘেরাও করে রাখেন ঠিকাদারেরা। এ সময় পাউবো কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে দ্রুত বিল দেওয়ার আশ্বাস দিলে ঠিকাদারেরা চলে যান।জানা যায়, সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধের গত বছরের কাজের প্রায় সাড়ে তিন কোটি টাকা বিল বকেয়া রয়েছে। এর মধ্যে জরুরি (ইমারজেন্সি) কাজের বিলও রয়েছে। গতকাল সকালে পাউবোর সিলেট কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম সুনামগঞ্জে আসেন। এ খবর পেয়ে বিলের দাবিতে ঠিকাদারেরা গিয়ে পাউবো কার্যালয় ঘেরাও করেন। কার্যালয়ে তখন আবুল কালামের সঙ্গে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পালও ছিলেন। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ঠিকাদারেরা পাউবো কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় উত্তেজিত কয়েকজন ঠিকাদার পাউবো কার্যালয়ের জানালা ভাঙচুর করেন। পরে দ্রুত বকেয়া বিল দেওয়ার আশ্বাস দিলে তাঁরা ঘেরাও প্রত্যাহার করেন।ঠিকাদার রমা দাস বলেন, ‘আমরা গত বছর কাজ করেছি। কিন্তু বাঁধের নিয়মিত ও জরুরি কাজের প্রায় সাড়ে তিন কোটি টাকা বিল এখনো বকেয়া আছে।’ তিনি বলেন, ‘ভাঙচুর নয়, দু-একজন উত্তেজিত হয়ে জানালায় ধাক্কা মেরেছিল।’তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘জরুরি কাজের বিষয়টি তদন্ত করে দেখতে হবে। সরকারের নীতিমালা অনুযায়ী যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’