সুনামগঞ্জে বঙ্গবন্ধুকে কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে এক শিক্ষকের কটূক্তি করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার শহরে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় ওই শিক্ষককে আটকের পর গতকাল আবার তাঁকে জামিনে ছেড়েও দেওয়া হয়। সুনামগঞ্জ শহরের সরকারি সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে গত বুধবার জাতীয় শোক দিবসের স্মরণসভায় প্রতিষ্ঠানের জামায়াতপন্থী শিক্ষক আবুল আ’লা মওদুদ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ওই কটূক্তি করেন। বিদ্যালয় সূত্র জানায়, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল আ’লা মওদুদের সভাপতিত্বে বুধবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা হয়। সভাপতির বক্তব্য দেওয়ার সময় ওই শিক্ষক বঙ্গবন্ধুকে ‘মিথ্যাবাদী’ আখ্যায়িত করে বলেন, ‘মুক্তিযুদ্ধে মানুষ মারা গেছে তিন লাখ। অথচ শেখ মুজিব বেশি ত্রাণ পাওয়ার আশায় বলেছেন ৩০ লাখ।’ তিনি আরও বলেন, ‘শেখ মুজিবের যেভাবে মূর্তি বানানো হচ্ছে, একইভাবে সাদ্দাম-গাদ্দাফিরও হয়েছিল। কিন্তু জনগণ একসময় সেগুলো লাথি দিয়ে ভেঙে ফেলেছে।’ এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল শহরে বিক্ষোভ-সমাবেশ করে তাঁর কুশপুত্তলিকা দাহ করে জেলা ছাত্রলীগ। ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী, সহসভাপতি সুব্রত সরকার, মোশারফ হোসেন, জাবির আহমেদ প্রমুখ। পরে একই দাবিতে স্টেশন রোডে জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন হয়। এদিকে ওই শিক্ষক বলেন, ‘রাতে ঘুম কম হওয়ায় স্মরণসভায় আমার কথায় কিছুটা অসংগতি ছিল। আসলে আমি যা বলেছি সেটা আমার আদর্শিক লাইন থেকে বলেছি। বলেছি, শুধু শেখ মুজিব নয়, সবাইকে সম্মান করতে হবে।’ সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ছাত্রলীগের সভাপতির দায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তবে গতকাল বিকেলে আদালত তাঁকে জামিনে মুক্তি দেন।