সুনামগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু
সুনামগঞ্জে আজ মঙ্গলবার সকালে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার তাহিরপুর উপজেলায় একজন, বিশ্বম্ভরপুর উপজেলায় একজন ও দোয়ারাবাজার উপজেলায় একজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন নূর হোসেন (২৮), ফেরদৌস আলম (১২) ও শাহানা বানু (৬০)।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ বেলা ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় তাহিরপুর উপজেলার শনির হাওরে ধান কাটছিলেন সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক নূর হোসেন। তিনি বজ্রপাতের ঘটনাস্থলেই প্রাণ হারান। একই সময়ে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুম্বন গ্রামের ফেরদৌস আলম গ্রামের পাশের হাওরে মাছ ধরছিল। বজ্রপাতে ফেরদৌস গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামের শাহানা বানু গরু আনতে মাঠে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নন্দন কান্তি ধর, দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস ও বিশ্বম্ভরপুর থানার ওসি নব গোপাল দাশ।