সুনামগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটার সময় গতকাল শুক্রবার বিকেলে বজ্রপাতে ছয়জন কৃষক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দিরাই উপজেলায় চারজন, দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় একজন করে নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার রন্নারচর গ্রামের জ্ঞানেন্দ্র দাস (৬০), দিরাই শহরের বরারগাঁও গ্রামের জমসেদ আলী (৪৫), সাকিতপুর গ্রামের মিলাদ মিয়া (৩০), নগদীপুর গ্রামের শামসুল হক (২৭) হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া একই সময় জেলার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে গজারিয়া গ্রামের বামন মিয়া (২৬), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের কুয়েত মিয়া (১৭) বজ্রপাতে প্রাণ হারান।