সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি বেড়িবাঁধ ভেঙে ঢলের পানিতে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি বেড়ে ১৫টি গ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর রাবারড্যাম এলাকায় মঙ্গলবার রাতে বেড়িবাঁধ ভেঙে যায়। এর আগে সোমবার ওই বাঁধের আরও দুটি স্থানে ভাঙন দেখা দেয়। এ ছাড়া, গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে সুনামগঞ্জ শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর রাবারড্যাম এলাকায় গত মঙ্গলবার রাতে বেড়িবাঁধ ভেঙে ওই ইউনিয়নের মহব্বতপুর, বক্তারপুর, গুজাউড়া, খাগুরা, আলীপুর, বৈঠাখালি, জিয়াপুর, গিরিশনগর, মারপশীপুর, শিমুলতলা, রাজনগর, টেংরাটিলা, বরকত নগর, কাউয়াতলা ও মনিনগর গ্রাম প্লাবিত হয়। ঢলের পানিতে তলিয়ে গেছে এলাকার ৩০০ একর আমন জমির ফসল। ভেসে গেছে এলাকার অর্ধশতাধিক পুকুরের মাছ।
নীলফামারী জেলায় গতকাল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার মাত্র তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। টেপাখড়িবাড়ি ইউনিয়নে ১০টি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি, জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।