সুনামগঞ্জের ধোপাজান নদে বালু-পাথর উত্তোলন ও বহনকারী নৌযান থেকে টোল আদায়ের নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে ব্যবসায়ী-শ্রমিকেরা গত মঙ্গলবার থেকে বালু-পাথর উত্তোলন ও পরিবহন বন্ধ করে দিয়েছেন। ফলে প্রায় ২০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।শ্রমিক-ব্যবসায়ীরা অভিযোগ করেন, ধোপাজান নদে বালু-পাথর উত্তোলন ও পরিবহনের সময় ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। সরকারি দলের ছত্রচ্ছায়ায় কিছু লোক এই চাঁদাবাজি করে। তারা নানা সংগঠন, প্রতিষ্ঠান, বাজার, মসজিদের নামে চাঁদা আদায় করে থাকে। শ্রমিকেরা বারবার এর প্রতিবাদ করে এলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। গতকাল বৃহস্পতিবার তাঁরা চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।পরে শ্রমিকেরা সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তাঁরা বলেন, বালু-পাথর উত্তোলনের সময় তিন থেকে চারবার চাঁদা দিতে হয়। এরপর নদীতে নৌকা, ভলগেট ও কার্গো থেকে আরেকবার মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়। চাঁদা না দিলে নির্যাতনের শিকার হন শ্রমিকেরা।কয়েকজন ব্যবসায়ী বলেন, এখানে টোল আদায়ের বৈধ ইজারাদার কে, তা কেউ জানে না। কয়েক দিন পর পর টোলঘাটে দখল পাল্টা-দখলের ঘটনা ঘটে। তিন দিন ধরে টোলঘাট দখল নিয়ে সরকারি দলের কিছু কর্মীর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে বালু-পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা।সংবাদ সম্মেলনে নৌকা মালিক সমিতির সভাপতি আমির হোসেন রেজা ও বালু-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, ‘আমরা টোল দিতে চাই। কিন্তু কার কাছে দেব, বৈধ ঠিকাদার কে, এ বিষয়গুলোর ফয়সালা হতে হবে। আমরা ঘাটে ঘাটে চাঁদা দিতে পারব না। সরকার ইজারাদারের নাম, টোলের পরিমাণ প্রকাশ্যে বোর্ডে টাঙিয়ে দিক।’সংবাদ সম্মেলনে সুুরমা বালু-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।