সুনামগঞ্জে বালুচাপায় দুই নারী শ্রমিক নিহত

সুনামগঞ্জ সদর উপজেলায় নদ থেকে পাথর তুলতে গিয়ে বালুর নিচে চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সীমান্তবর্তী ডলুরা এলাকার চলতি নদে পাথর তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন সদর উপজেলার ডলুরা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী আলেয়া বেগম (২৪) ও ফেনিবিল গ্রামের চান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চলতি নদে প্রতিদিনের মতো আজ সকালে পাথর তুলতে যান ওই নারীরা। নদের তীরে বালু সরিয়ে গর্ত করে পাথর তোলার সময় হঠাৎ বালুর নিচে চাপা পড়েন ওই দুই নারী। পরে আশপাশে থাকা লোকজন বালু সরিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।
স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী জানান, নদের তীরে গর্ত করে পাথর উত্তোলনের সময় বালুর নিচে চাপা পড়ে ওই দুই নারীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, নিহত দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।