সুনামগঞ্জে বাল্কহেড ডুবে দুজনের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে।
বাল্কহেড ডুবে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন: জামালগঞ্জ উপজেলার ঘাগটিয়া গ্রামের আসাদ মিয়া (২৫) ও মনির মিয়া (১৭)।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে বালুবোঝাই বাল্কহেডটি জামালগঞ্জের ঘাগটিয়া গ্রামের পাশে সুরমা নদীর ঘাটে নোঙর করে। পরে বাল্কহেডে থাকা ওই দুই শ্রমিক ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে বাল্কহেডটি ডুবে যায়। খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাল্কহেড উদ্ধার করেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় বাল্কহেডের ভেতর থেকে আসাদ ও মনিরের মৃতদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।