সুনামগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী নেই!
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপিসমর্থিত কোনো মেয়র পদপ্রার্থী মাঠে নেই। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যেও কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। জেলা বিএনপিতে কোন্দলের কারণে দলের কেউ প্রার্থী হতে সাহস পাচ্ছেন না বলে মনে করছেন অনেকেই।সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী মেয়র প্রার্থীরা মাঠে থাকলেও বিএনপির কোনো প্রার্থী এখন পর্যন্ত প্রচারণায় নামেননি। বিষয়টি আলোচিত হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যেও। মেয়র পদে নির্বাচন করতে এখন মাঠে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল, সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক ও সাংস্কৃতিক সংগঠক শেরগুল আহমেদ। তবে শেরগুল আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। হাসন রাজার পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য মেয়র পদে নির্বাচন করতে প্রয়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের বড় ভাই দেওয়ান সদরুছ সাদেকীন কয়েক দিন গণসংযোগ চালিয়েছিলেন। এখন তিনি মাঠে নেই।পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম আওয়ামী লীগের সমর্থন পেলে নির্বাচন করবেন। সর্মথন না পেলে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের সমর্থন শেষ পর্যন্ত আয়ূব বখত জগলুলই পাবেন, এমনটা মনে করছেন ভোটারেরা। জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক আছপিয়া বলেন, ‘শেষ পর্যন্ত বিএনপি থেকে সুনামগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী নাও থাকতে পারে।’