সুনামগঞ্জে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে ওই সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তি পোহান যাত্রীরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার মদনপুর পয়েন্ট, মদনপুর গ্রাম ও আশপাশের এলাকায় নয় দিন ধরে বিদ্যুৎ নেই। গত ৩১ আগস্ট মদনপুর পয়েন্টে একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এসব এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এলাকাবাসী ট্রান্সফরমারটি মেরামতের দাবি জানালেও গত নয় দিনে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি বিদ্যুৎ বিভাগ। মদনপুর পয়েন্টে বিদ্যুতের দাবিতে গতকাল বেলা দুইটায় স্থানীয় লোকজন প্রথমে বিক্ষোভ করেন।

সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা অরূপ রায় বলেন, ‘গতকাল দুপুরে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলাম। অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা আমাদের গাড়ি সেখানে আটকে ছিল।’