সুনামগঞ্জে বিদ্যুতের সাব-স্টেশন হচ্ছে
সুনামগঞ্জে বিদ্যুতের সমস্যা সমাধানে ২০০ কোটি টাকা ব্যয়ে একটি সাব-স্টেশন নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণে দুই বছর সময় লাগবে। একই সঙ্গে ছাতক-সুনামগঞ্জ বিদ্যুতের লাইন নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে। এসব কাজ শেষ হলে সুনামগঞ্জবাসী বিদ্যুতের সুফল পাবে।
সুনামগঞ্জের বিদ্যুৎ সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জাতীয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ কথা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, সভায় অংশগ্রহণের জন্য ঢাকা থেকে সুনামগঞ্জে আসার পথে ছাতক-সুনামগঞ্জ বিদ্যুতের গ্রিড লাইনটি তিনি সরেজমিনে দেখেছেন। এই লাইনের বর্তমান অবস্থা খুবই খারাপ। সঞ্চালন লাইনটি ৫০ বছরের পুরোনো হওয়ায় বিদ্যুতের লাইনে বারবার ত্রুটি দেখা দেয়। এ কারণেই সুনামগঞ্জবাসী বিদ্যুতের জন্য ভোগান্তি পোহাচ্ছে।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও পিজিসিবির পরিচালক এম এনামুল কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কোম্পানির পরিচালক এস এম কবিরুজ্জামান, আবু আলম চৌধুরী ও জামাল উদ্দিন আহমদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি আপ্তাব উদ্দিন, প্রবীণ আইনজীবী স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী।