সুনামগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
সুনামগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় হয়েছে। গতকাল শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক এনামুল কবির ইমনের উদ্যোগে এ সভা হয়। সভায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।
এনামুল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, পল্লী বিদ্যুতের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক নাজমুল আলম, সুনামগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রইছ উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক হায়দার চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দুই মাস ধরে সুনামগঞ্জের মানুষ বিদ্যুতের জন্য সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে। ইতিপূর্বে কখনো এমনটা হয়নি। কোনো দিন একটানা, আবার কোনো দিন ছয় থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেও এর কোনো সদুত্তর পাওয়া যায় না। আওয়ামী লীগের নেতা হায়দার চৌধুরী বলেন, ‘দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, অথচ সুনামগঞ্জের মানুষ বিদ্যুৎ পায় না। রাস্তাঘাটে লজ্জায় মুখ দেখাতে পারি না।’ গত বৃহস্পতিবার বিদ্যুতের দাবিতে সুনামগঞ্জ বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে গতকাল প্রথম আলোতে একটি সংবাদ ছাপা হয়েছে।