সুনামগঞ্জে বিদ্রোহের মামলার রায় ২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ১৪ আসামির মধ্যে একজন গতকাল আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আদালত ২ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।বিডিআরের সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এর সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকাল নয়টায় বিচার কার্যক্রম শুরু হয়। শুরুতে আদালত জানতে চান, আসামিদের সাফাই সাক্ষী আছে কি না। সাফাই সাক্ষী নেই বলে জানান আসামিরা। পরে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। এ সময় আসামিদের একজন সিপাহি সুমন মারমা আদালতে বলেন, ‘নবীন সৈনিক হিসেবে আমার ভুল হতেই পারে। ভুলত্রুটির জন্য আমি ক্ষমা চাই।’আদালত সূত্র জানায়, গতকাল যুক্তি-তর্কের শুরুতেই কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিদের লিখিত বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। আসামিরা প্রত্যেকে তাঁদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এরপর আদালতের সভাপতি আসামিদের বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে যুক্তি খণ্ডনের চেষ্টা করেন। এরপর আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি ঘোষণা করা হয়।বেলা সোয়া ১১টায় আদালতের কার্যক্রম পুনরায় শুরু হলে মামলার কৌঁসুলি প্রত্যেক আসামির বক্তব্যকে মিথ্যা আখ্যায়িত করেন এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন। আদালতকে কৌঁসুলি ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম ঠাকুর বলেন, আসামিরা পরিকল্পিতভাবেই বিদ্রোহে অংশ নেন। কোনো ভয়ভীতি নয়, সাক্ষীরা বিবেকের তাড়নায় তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। আসামিদের কোনো সময় অনুতপ্ত মনে হয়নি। এতে প্রমাণিত হয়, তাঁরা কঠোর ও হিংস্র। তাই তাঁদের প্রাপ্য সাজা দেওয়া প্রয়োজন।যুক্তি-তর্ক শেষে আদালত ১৪ আসামির প্রত্যেককে শেষবারের মতো দুই মিনিট করে সময় দেন বক্তব্য উপস্থাপনের জন্য। আসামিদের বক্তব্যের পর যুক্তি-তর্ক শেষ হয়েছে জানিয়ে আদালত ২ আগস্ট রায় ঘোষণার তারিখ ধার্য করেন। কৌঁসুলি তাজুল ইসলাম ঠাকুর গতকাল দুপুর দুইটায় সংবাদ ব্রিফিংয়ে জানান, ২ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। ওই দিন মামলার রায় ঘোষণা করা হবে।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার পরদিন সুনামগঞ্জে ৮ রাইফেল ব্যাটালিয়নে দায়িত্বরত কয়েকজন জওয়ান বিদ্রোহ করেন। এই ঘটনার বিচারের জন্য গত ২ এপ্রিল সিলেট নগরের আখালিয়া এলাকায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-৩ গঠন করা হয়। প্রথম দিন ওই ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল ওয়াহিদ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ তুলে ধরেন। আদালত তাঁর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে আদালত গত সোমবার অভিযোগ গঠন করেন।