সুনামগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
সুনামগঞ্জের সদর উপজেলার হরিনাপাটি গ্রামে গতকাল সোমবার সকালে গণি মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের মারধরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া গতকাল ভোরে দোয়ারাবাজার উপজেলার রাউলি গ্রামের সুলতানা বেগম (১৮) নামে এক তরুণীর অগ্নিদগ্ধ লাশ তাঁর নিজ ঘরের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম চিন্তামণি দে (৭০)।পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে রাউলি গ্রামের রফিক মিয়া ও গণি মিয়ার লোকজনের মধ্যে হরিনাপাটি বাজারে সংঘর্ষ হয়। পরে গণি মিয়াকে (৭২) বাড়ির পাশে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এদিকে রাউলি গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তরুণী সুলতানার বাবা আখিল হোসেন ঘুম থেকে উঠে তাঁর মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে সুলতানার লাশ উদ্ধার করে।অন্যদিকে, শহরের হাসননগর এলাকার বাসিন্দা শিবুপ্রসাদ দত্তের বাড়ির লোকজন গত রোববার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে যান। বাড়িতে কেউ না থাকায় রাতে প্রতিবেশীর গৃহকর্মী চিন্তামণি শিবুপ্রসাদের ঘরে ঘুমাতে আসেন। সকালে চিন্তামণির ঘুম থেকে উঠতে দেরি দেখে গৃহকর্তা গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে মালপত্র এলামেলো অবস্থায় পড়ে আছে। চিন্তামণির লাশ বিছানায় পড়ে ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ চিন্তামণির লাশ উদ্ধার করেছে।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের জন্য তিনটি লাশই সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।