সুনামগঞ্জে বৃষ্টিতে বেকায়দায় প্রার্থীরা
সুনামগঞ্জে চার দিন ধরে কখনো টানা আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে বেকায়দায় পড়েছেন প্রার্থীরা। তবে কেউ কেউ বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার ২৬ ইউপিতে ২৩ এপ্রিল ভোট হবে।
এই ২৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬৩ জন, সদস্যপদে ১ হাজার ১২৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ২৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, ‘বৃষ্টি নিয়ে বড় বেকায়দায় আছি। না পারছি ঠিকমতো ঘর থেকে বের হতে, না পারছি ভোটারদের কাছে যেতে। বৃষ্টির ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাচ্ছি গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’
সদর উপজেলার কুরবাননগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শামসউদ্দিন বলেন, ‘চার দিনে একটি উঠানবৈঠকও করতে পারিনি। এ অবস্থায় লোকজনকে ডাকলে তো পাওয়া যাবে না। তবে যখন ঘর থেকে বের হতে না পারি, তখন মোবাইলে মানুষের সঙ্গে যোগাযোগ করি।’