সুনামগঞ্জে বেড়ে গেছে গ্যাসের রেগুলেটর চুরি
সুনামগঞ্জ পৌর শহরে গত এক সপ্তাহে প্রায় ৩০টি বাড়ির গ্যাস-সংযোগের রেগুলেটর চুরি গেছে। এতে গ্রাহকদের থানা, অফিস ও ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বাড়তি ভোগান্তি হিসেবে পুনঃসংযোগের জন্য গ্রাহকদের পকেট থেকে পাঁচ হাজার টাকা বেরিয়ে যাচ্ছে।জালালাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, শুধু গতকাল রোববার সকালেই ছয়জন গ্রাহক তাঁদের রেগুলেটর চুরি গেছে জানিয়ে পুনরায় সংযোগ পেতে আবেদন করেন।ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্র ও শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকার ১৭টি বাড়ির রেগুলেটর চুরি যায়। এক সপ্তাহে ৩০টির মতো রেগুলেটর খোয়া গেছে। গ্যাস-সংযোগের রেগুলেটরটি সাধারণত বাড়ির বাইরে থাকে। চোরেরা সংযোগস্থলের সুইচ বন্ধ করে ওপরের অংশে থাকা রেগুলেটরটি নিয়ে যায়।গ্রাহকেরা জানান, রেগুলেটর চুরি গেলে প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হয়। এরপর জালালাবাদ গ্যাসের কার্যালয়ে পুনরায় সংযোগের আবদন করেন গ্রাহকেরা। কর্তৃপক্ষ ব্যাংকে ফি বাবদ চার হাজার ৭০৪ টাকা জমা দিতে বলে। টাকা জমা দেওয়ার পর আবার নতুন রেগুলেটর লাগিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে একজন গ্রাহকের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা বেরিয়ে যায়। নতুন রেগুলেটর লাগানোর আগ পর্যন্ত বাড়ির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন থাকে। শহরের হাসননগর এলাকার বাসিন্দা সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য নুরুর রব চৌধুরী জানান, তাঁর বাড়ির রেগুলেটরটি শুক্রবার রাতে চুরি গেছে। গতকাল তিনি পাঁচ হাজার টাকা খরচ করে পুনঃসংযোগের আবেদন করেছেন। তিনি বলেন, ‘মানুষজন ভয়ে আছে।’শহরের বলাকাপাড়ার মনিরুজ্জামান জানান, তাঁদের এলাকায় চারটি বাড়ির রেগুলেটর চুরি গেছে। একই পাড়ার আ স ম মাসুম জানান, চোরের ভয়ে গ্যাসের রেগুলেটরটি তিনি একটি লোহার খাঁচা তৈরি করে তার ভেতরে রেখেছেন।জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী বলেন, ‘শহরে এমনিতেই চুরি বেড়ে গেছে। বাসাবাড়ি থেকে মুঠোফোন, নলকূপের ওপরের অংশ চুরির সঙ্গে এখন যোগ হয়েছে গ্যাস-সংযোগের রেগুলেটর।’জালালাবাদ গ্যাস সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহব্যবস্থাপক নীলিমা ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘আগেও রেগুলেটর চুরির ঘটনা ঘটেছে। তবে এক সপ্তাহ ধরে এটা বেড়ে গেছে।’ সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ‘আমি সিলেটে আছি। থানায় কোনো জিডি হয়েছে কি না, বলতে পারব না। তবে আমরা অবশ্যই খোঁজ-খবর নিয়ে দেখব।’