সুনামগঞ্জে বৈঠকি সংগীতসন্ধ্যা
‘মুছে যাওয়া দিনগুলি’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’ ‘আমি দূর হতে তোমাকে দেখেছি’—হারানো দিনের এসব গানের সুর-ছন্দে মুগ্ধ সবাই। সেই সুরের টানে মনের কোণে উঁকি দেয় স্মৃতি, প্রিয়জনের মুখ।
গত শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এমনই এক অনুষ্ঠান হয়ে গেল। সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা হারানো দিনের গান গেয়ে শোনান শিল্পীরা। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘বৈঠকি সংগীতসন্ধ্যা’। আয়োজক জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় একে একে ৩৩টি গান পরিবেশন করেন শিল্পীরা। ফাঁকে ফাঁকে সেসব কালজয়ী গানের গীতিকার, সুরকার ও মূল শিল্পীদের পরিচয় দেন সঞ্চালক। তিনি নিজেও ‘এত সুর আর এত গান’ গানটি গেয়ে শোনান। ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পীরা ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু’সহ আরও কিছু গান গেয়ে শোনান শিল্পীরা।
তিন ঘণ্টার বৈঠকি সংগীতসন্ধ্যায় গান পরিবেশন করেন সুনামগঞ্জের সংগীতশিল্পী অভিজিৎ চৌধুরী, দেবদাস চৌধুরী, মহসিন খান, শামসুল আবেদীন, তুলিকা ঘোষ চৌধুরী, রূপশ্রী রায়, শেরগুল আহমেদ, শুক্লা রায় চৌধুরী, শামীম সারোয়ার, প্রীতিভূষণ চক্রবর্তী, দীপায়ন চৌধুরী, সোহেল রানা, অন্তরা খাসনবীশ, আহসান জামিল, আতাবুল ইসলাম, অনন্যা অগ্নিমল্লিক, রওনক আহমদ, উৎপল খাসনবীশ, মানিক মোহন, শাহিন বখত, শাহাব উদ্দিন, দিপা রায়, সুপ্রিয়া, জুঁই প্রমুখ।