সুনামগঞ্জে ব্যাংকে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গতকাল সোমবার দুপুরে একটি ব্যাংকে ঢুকে ব্যবস্থাপককে মারধর করেছেন ক্ষমতাসীন দলের কর্মীরা। উপজেলার পালকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গত রোববার লোকমান আহমদ নামের ওই ব্যাংক কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
লোকমান আহমদ প্রথম আলোকে বলেন, নিবার্চনী দায়িত্ব পালনকালে এক নারী বোরকা পরে ভোট দিতে আসেন। এ সময় ওই কক্ষের পোলিং কর্মকর্তা ভোটার তালিকার ছবির সঙ্গে মিল নিশ্চিত করার জন্য তাঁর মুখ থেকে বোরকার কাপড় সরানোর অনুরোধ করেন। এ নিয়ে ক্ষমতাসীন দলের সমর্থক কয়েক যুবকের সঙ্গে লোকমান আহমদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরেই সোমবার দুপুরে উপজেলার বাংলাবাজার কৃষি ব্যাংক শাখায় ঢুকে লোকমান আহমদকে মারধর করেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহবুবর রহমান, ফজলুর রহমান, তোফায়েলসহ কয়েকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক জমিস উদ্দিন বলেছেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছি।’ দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, ‘মারপিটের কোনো ঘটনা ঘটেনি। ব্যাংকে ঢুকে তাঁকে কয়েক যুবক গালাগালি করেছে। আমরা দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’