সুনামগঞ্জে ব্রিটিশ এমপি প্রার্থী মিনার মতবিনিময়
ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি প্রার্থী মিনা রহমান সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার সকালে এই মতবিনিময় সভা হয়।
মিনা রহমান ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে একমাত্র বাঙালি হিসেবে এবার এমপি পদে মনোনয়ন পেয়েছেন। তিনি লন্ডনের বাকিং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৫ সালের মে মাসে এই নির্বাচন হবে। মিনা রহমানের জন্ম সুনামগঞ্জের ছাতক উপজেলায়। গত ৪ ডিসেম্বর সিলেট থেকে তিনি তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরই অংশ হিসেবে গতকাল সুনামগঞ্জে তিনি মতবিনিময় সভা করেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মিনা রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম প্রমুখ।
মিনা রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘আমি ছোটবেলায় ইংল্যান্ডে যাই। সেখানেই বড় হয়েছি, লেখাপড়া করেছি। এরপর রাজনীতির সঙ্গে যুক্ত হই। আজকের অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি যে আসন থেকে নির্বাচন করছি, সেখানে অনেক বাঙালি আছেন। বাংলাদেশ থেকে আত্মীয়স্বজন যদি অনুরোধ করেন, তাহলে তাঁরা নিশ্চয়ই আমাকে ভোট দেবেন। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।’