সুনামগঞ্জে ভুয়া সংস্থার নামে ১০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
সুনামগঞ্জে বিনা মূল্যে নারী ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার নামে একটি ‘ভুয়া’ সংস্থা দরিদ্র নারীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সংস্থার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া এই কর্মকর্তার নাম সানাউল্লাহ। তাঁর বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার গোরেশপুর গ্রামে। তাঁর বাবার নাম রশিদ আলী।পুলিশ ও প্রতারণার শিকার লোকজনের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের হরিধন দাস দুই মাস আগে এলাকায় প্রচারণা চালান। তিনি ‘হাঙ্গার প্রজেক্ট’ নামের একটি নতুন সংস্থা চালু করেছেন। এই সংস্থা থেকে দিরাই ও শাল্লা উপজেলার দরিদ্র পরিবারের গর্ভবতী মা ও শিশুদের বিনা মূল্যে পুষ্টিকর খাবার দেওয়া হবে। এ জন্য প্রত্যেককে ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তিনি ও সানাউল্লাহ মিলে ওই সংস্থার কোনো কার্যালয় না থাকলেও দুই হাজার টাকা করে জামানত নিয়ে ৫০ জন কর্মী ও চারজন সুপারভাইজার নিয়োগ দেন। তাঁরা গ্রামে গ্রামে গিয়ে শুরু করেন নারীদের রেজিস্ট্রেশন করানোর কাজ। গত দুই মাসে এই দুই উপজেলার প্রায় পাঁচ হাজার ২০০ জনকে টাকা নিয়ে সদস্য করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু রেজিস্ট্রেশনের ১৫ দিনে মধ্যে খাবার বিতরণ করার কথা থাকলেও সেটি করা হয়নি।প্রতারিত ব্যক্তিরা জানান, গত এক সপ্তাহ আগে হরিধন তাঁর মুঠোফোন বন্ধ করে গ্রাম ছেড়ে চলে গেছেন। একইভাবে সানাউল্লাহও তাঁর মুঠোফোন বন্ধ করে দেন। এরপর সংগঠনের কর্মী ও সুপারভাইজাররা খবর পেয়ে বুধবার রাতে জেলা শহরের একটি আবাসিক হোটেলে এসে সানাউল্লাহকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।সানাউল্লাহ এ সময় তাঁদের সংগঠনটি ভুয়া ও দরিদ্র নারীদের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা ১০ লাখ টাকা নিইনি। যে টাকা নিয়েছি, সবাইকে আবার ফেরত দেব।’ কত টাকা নিয়েছেন, তাও সঠিক করে তিনি বলতে পারেননি।ওই সংগঠনের সুপারভাইজার সীমা রানী দাশ, কর্মী দিপালী সরকার ও শিল্পী রানী সরকার জানান, সবার সঙ্গে তাঁরাও প্রতারিত হয়েছেন। এলাকার লোক হিসেবে হরিধনকে বিশ্বাস করেছিলেন। সব টাকাই শহরে এনে সানাউল্লাহর কাছে দেওয়া হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, ভুয়া সংগঠনের নামে প্রতারণার অভিযোগে সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।