সুনামগঞ্জে ভেসে গেছে ৯৭৩ পুকুরের মাছ
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের হেলাল উদ্দিনের (৩৫) সাতটি পুকুরে প্রায় ২০ লাখ পোনা মাছ ছিল। এর মধ্যে নিজের তিনটি এবং ভাড়া নিয়েছিলেন চারটি পুকুর। গত মাসের শেষ সপ্তাহের বন্যা ও পাহাড়ি ঢলে তাঁর সব পুকুরের মাছ ভেসে গেছে।
শুধু হেলাল উদ্দিনের এই সাতটি পুকুর নয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানিতে সুনামগঞ্জের নয়টি উপজেলার ৯৭৩টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে মাথায় হাত পড়েছে মাছচাষিদের।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বন্যায় সুনামগঞ্জের নয়টি উপজেলায় ৯৭৩টি পুকুরের ৫১৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে মাছচাষিদের প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৭৩টি, দোয়ারাবাজারের ১৫২টি, ধরমপাশার ১০০টি, বিশ্বম্ভরপুরের ৮০টি, দক্ষিণ সুনামগঞ্জের ৬৫টি, জামালগঞ্জের ৬৩টি, ছাতকের ১৫টি, তাহিরপুরের ১৩টি ও শাল্লা উপজেলার ১২টি পুকুরের মাছ বন্যায় ভেসে গেছে।
মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মুত্তালিব (৫৫) বলেন, তাঁর এলাকার তিনটি গ্রামের অন্তত ২০টি পুকুরের মাছ ভেসে গেছে। একই গ্রামের মোন্তাজ উদ্দিন (৭০) বলেন, তিনিও একটি পুকুরে মাছ চাষ করেছিলেন। কিন্তু ঢলে সেই পুকুরের মাছ ভেসে যায়।
দুই একর আয়তনের একটি পুকুর পাঁচ বছরের জন্য অন্যের কাছ থেকে ভাড়া নিয়ে এবার মাছ চাষ শুরু করেছিলেন সদর উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের ফিরোজ মিয়া (৪০)। পুকুরে প্রায় লাখ টাকার পোনা ছাড়েন। আর মাস খানেক পরই সেই মাছ বিক্রি করার কথা ছিল। কিন্তু তাঁর সব মাছ ভেসে গেছে। একই গ্রামের মাছচাষি আবদুস শহীদ, আবদুর রহীম, হাবিবুর রহমানও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমদ জানান, তাঁরা ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। কোনো সহায়তা এলে চাষিরা তা পাবেন।