সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় এক এসআইয়ের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে মিথ্যা মামলা দায়ের করায় এক উপপরিদর্শককে (এসআই) এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের বিচারিক হাকিম মোহামঞ্চদ মনির হোসেন এ আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া এসআই শহীদুল ইসলাম বর্তমানে ঢাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কর্মরত। আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর থানায় কর্মরত থাকাকালে এসআই শহীদুল ইসলাম শহরের ষোলঘর এলাকার জনৈক আবদুল আলীকে আটক করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে শুনানির পর মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। পরে আদালত এসআই শহীদুল ইসলামকে সশরীরে উপস্থিত হয়ে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেন। গতকাল মঙ্গলবার শহীদুল ইসলাম আদালতে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে না পেরে দোষ স্বীকার করেন। পরে আদালতের বিচারক মোহামঞ্চদ মনির হোসেন এ আদেশ দেন। এসআই শহীদুল ইসলাম আদালতের রায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটি গাঁজা আটকের মামলা ছিল। মামলা ঠিক আছে। তবে মামলার পাবলিক সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্য দেয়নি।’ সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শহীদুল হাসমত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।