সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তান হত্যার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’ সংগঠন এ কর্মসূচি পালন করে।জেলা শহরের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন শেষে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী কাজী জাহান, সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কবিরুজ্জামান ও জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী। মানববন্ধন ও সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, সদর উপজেলা কমান্ডার আবদুল মজিদসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন।উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বোগলা নেপালকুটি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল বারিকের মেয়ে জেসমিনকে (১৮) গত শুক্রবার রাতে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। দোয়ারাবাজার উপজেলার ছিরাই নদীর বালুচর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত জেসমিনের চাচা রহিম উদ্দিন জানান, জেসমিন ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করত। ঈদের আগের দিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সিলেটে সে চাচাতো বোনের বাসায় ওঠে। পরদিন সকালে চাচাতো বোনের জামাতা সহিদ মিয়া তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে বের হন। এরপর থেকে জেসমিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রহিম উদ্দিন অভিযোগ করেন, জেসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।এ ঘটনায় গত শনিবার সহিদ মিয়াসহ দুজনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা করেন নিহত জেসমিনের বাবা আবদুল বারিক। কিন্তু পুলিশ গতকাল পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।