সুনামগঞ্জে মেলা বন্ধ করা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
সুনামগঞ্জ শহরতলির হালুয়ার ঘাট এলাকার একটি গ্রাম্যমেলায় গতকাল শুক্রবার স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ মেলা বন্ধ করতে গেলে এ সংঘর্ষ বাধে। পরে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হাই জানান, তাঁরা প্রশাসনকে জানিয়েই এ মেলার আয়োজন করেছিলেন। পরে পুলিশ মেলা বন্ধ করতে এলে লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং সংঘর্ষ হয়।
থানার উপপরিদর্শক (এসআই) বদরুজ্জামান জানান, ওই মেলার কোনো অনুমতি ছিল না। তা ছাড়া সেখানে মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছিল। পুলিশ মেলা বন্ধ করতে গিয়ে নৌকায় থাকা অবস্থাতেই লোকজন তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশও ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। দুপক্ষের সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবলসহ ১০ জন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।