সুনামগঞ্জে যুবদলের ইফতারে দুই পক্ষের হাতাহাতি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় স্থানীয় যুবদলের ইফতার অনুষ্ঠানে সংগঠনের দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ইফতারের আগে চেয়ারে বসা নিয়ে এ ঘটনা ঘটে।দলীয় সূত্র জানায়, উপজেলার নোয়াখালী বাজারে গতকাল বৃহস্পতিবার স্থানীয় যুবদল ইফতারের আয়োজন করে। এতে অতিথি ছিলেন বিএনপির নেতা কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ ও জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন। ইফতারের আগে চেয়ারে বসার জন্য বলা হলে দুই পক্ষের কর্মীদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। একপর্যায়ে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ টি এম হেলালের সমর্থকদের সঙ্গে আহ্বায়কের পক্ষের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় দুই পক্ষের কর্মীরা একে অপরের প্রতি চেয়ার ছুড়ে মারেন। পরে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ টি এম হেলাল বলেন, ‘আনসার উদ্দিন কাউকে না জানিয়েই গ্রোগ্রাম করেন। কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ।’ অন্যদিকে আনসার উদ্দিন বলেন, ‘ইফতারের আগে চেয়ারে বসা নিয়ে অপ্রীতিকর এ ঘটনা ঘটে।’দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আবদুল হাই বলেন, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।