সুনামগঞ্জে যুবলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা ওরফে চপলের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেন তাঁরা।

খায়রুল হুদাকে গত মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে দুদক।

বক্তারা বলেন, খায়রুল হুদাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আসামি করা হয়েছে। অবিলম্বে তাঁকে মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দিতে হবে। একই দাবিতে গতকাল জেলার বিভিন্ন উপজেলায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।

গত ২ জুলাই সুনামগঞ্জের হাওরে হাজার কোটি টাকার ফসলহানির ঘটনা এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আহমদ। মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তাসহ বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদারকে আসামি করা হয়। খায়রুল হুদা এই মামলার অন্যতম আসামি।