সুনামগঞ্জে যুবলীগের দুই পক্ষের হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে বুধবার রাতে যুবলীগের দুই পক্ষের মধ্যে মারামারি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগের নেতা গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় পাঁচ ছাত্রলীগের কর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরমানুল সিদ্দিক কয়েকজনকে নিয়ে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় যুবলীগের আরেক সদস্য ফুয়াদ আহমদ আরও কয়েকজনকে নিয়ে এসে আরমানুলের ওপর হামলা চালান। আরমানুল রামদার এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হলে তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে মান্নার সমর্থকেরা শহরের মধ্যবাজারে অবস্থিত ফুয়াদের পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানসহ নতুনপাড়া, হাসননগর ও স্টেশন রোডের তিনটি বাড়িতে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসননগর এলাকার এক যুবলীগের কর্মীর বাসায়। স্টেশন রোডে অবস্থিত জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী সরণির বাসায়ও ইটপাটকেল নিপেক্ষ করা হয়েছে বলে তাঁর মা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইনজীবী শামসুন্নাহার বেগম শাহানা জানিয়েছেন। এ ঘটনায় রাতে পুলিশ পাঁচজনকে আটক করেছে। এঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির বলেছেন, ‘এখানে আসলে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়। এটা তাঁদের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়েছে। তার পরও আমি বিষয়টি দেখব, যাতে করে শহরের আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়।’এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) জবা দেব গতকাল বৃহস্পতিবার দপুরে জানান, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। থানায় কেউ মামলা করেনি।