সুনামগঞ্জে যোগ দিয়ে বদলির চেষ্টায় থাকেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০১২ সালের অক্টোবর মাসে যোগদান করেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক মো. শের আলী মর্তুজা। যোগদানের পর থেকে তিনি অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ তাঁর কাছে দুবার ‘কৈফিয়ত’ তলব করে। কিন্তু কোনো জবাব না দিয়ে ২০১৩ সালের জুলাই মাসে চাকরি ছেড়ে দেন তিনি।
একইভাবে যোগদানের পর থেকে আরও দুই চিকিৎসক কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে তাঁদের কারণ দর্শানোর নোটিশ করে বেতন বন্ধ করে রাখা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, চিকিৎসকেরা সদর হাসপাতালে যোগ দিয়েই বদলির তদবির শুরু করেন। কেউ কেউ কাগজপত্রে এখানে থাকলেও কোনো কাজ করেন না। একসময় চেষ্টা-তদবির করে বদলি হয়ে যান। কেউ কেউ চাকরি ছেড়ে দেন। গত এক বছরে এ হাসপাতাল থেকে ১৩ জন বদলি হয়েছেন এবং একজন চাকরি ছেড়েছেন।
কারণ সম্পর্কে হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, সুনামগঞ্জে প্রাইভেট প্র্যাকটিসের বাজার ভালো না হওয়ায় চিকিৎসকেরা থাকতে চান না। এতে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের পদ আছে ৫৬টি। বর্তমানে কাগজেকলমে আছেন ১৪ জন। এর মধ্যে দুজন অনুপস্থিত ও একজন আছেন প্রশিক্ষণে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চক্ষু বিশেষজ্ঞ মনিরুজ্জামান চার মাস আগে সদর হাসপাতালে যোগ দেন। কিন্তু এর মধ্যে তাঁকে দেখা গেছে মাত্র এক দিন। কর্তৃপক্ষ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, বেতন বন্ধ আছে। আরেক চিকিৎসক নূরুল হুদা নাঈম যোগ দিয়েছিলেন গত বছরের ২৩ ডিসেম্বর। এরপর থেকে তিনি অনুপস্থিত।
হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, নূরুল হুদা নাঈম সিলেটে নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস করেন। নূরুল হুদা বলেন, ‘আমি দুই মাসের ছুটিতে আছি। ছুটি শেষ হলে সুনামগঞ্জে আসব।’ সিলেটে প্রাইভেট প্র্যাকটিসের কথা তিনি স্বীকার করেছেন।
চিকিৎসকের মতো এ হাসপাতালে সেবিকাসংকটও রয়েছে। সেবিকার ১৮৬টি পদ থাকলেও আছেন মাত্র ৫৬ জন। চার মাস আগে একসঙ্গে ৭৬ জন জ্যেষ্ঠ সেবিকা নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে কাজ করছেন মাত্র ৩৬ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এই হাসপাতালের অন্তর্বিভাগে প্রতিদিন প্রায় ২০০ রোগী ভর্তি থাকেন। প্রতিদিন বহির্বিভাগে আরও ৫০০ রোগী চিকিৎসা নেন। ফলে চিকিৎসক ও সেবিকাসংকটে এখানে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ‘চিকিৎসক ও সেবিকাদের বদলি উচ্চপর্যায় থেকে হয়। এখানে আমার করার কিছুই নেই। দুইজন চিকিৎসক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় তাঁদের বেতন বন্ধ রাখা হয়েছে।’