সুনামগঞ্জে লজ্জাবতী বানর খাঁচায় বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলায় লজ্জাবতী একটি বানর এক ব্যক্তির বাড়িতে আটক রয়েছে। সীমান্তঘেঁষা ডলুরা এলাকার চলতি নদীর তীর থেকে ১৫ দিন আগে গোলাম মোস্তফা নামের স্থানীয় এক ব্যক্তি বানরটি ধরেন। পরে এটি তিনি শহরতলির ইব্রাহিমপুর গ্রামের ব্যবসায়ী নাজমুল হকের কাছে রাখেন।নাজমুল জানান, বানরটি ১৫ দিন আগে ধরা হয়েছে। প্রথম কয়েক দিন প্রাণীটি বেশ দুর্বল ছিল। তবে এখন সুস্থ। তাকে কাঁচা মাছ, চকলেট ও পোকামাকড় খাওয়ানো হচ্ছে। বানরটি খাঁচায় রাখা হয়েছে। মানুষ দেখলেই সে লজ্জায় মুখ লুকায়। তিনি বলেন, ‘প্রাণীটিকে দেখলেই মায়া লাগে। আবার খাঁচায় বন্দী অবস্থায় দেখতেও ভালো লাগছে না। কিন্তু কোথায় ছেড়ে দেব বা কার কাছে দেব, তা বুঝতে পারছি না।’ সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল্লাহ প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জে বন্য প্রাণী সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তবে কোথাও কোনো প্রাণী আটক হলে সেটি উদ্ধার করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। এ ক্ষেত্রেও তাই করা হবে বলে জানান তিনি।