সুনামগঞ্জে লঞ্চঘাটের পন্টুন স্থানান্তর, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরমা নদীতে ভাঙন হওয়ায় সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার পন্টুন অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। হঠাৎ করে শহরের এক প্রান্তে পন্টুন বসানোয় ভোগান্তিতে পড়েছেন পাঁচ শতাধিক যাত্রী।
লঞ্চঘাট ইজারাদার ও এলাকাবাসী কয়েকজন বলেন, ৬০ বছর আগে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের পাশে এ লঞ্চঘাট গড়ে ওঠে। শহরের মাঝামাঝি জায়গায় হওয়ায় জায়গাটি মানুষের ভিড়ে সরগরম থাকত । জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ধরমপাশা, মধ্যনগর, জামালগঞ্জ এলাকার মানুষ লঞ্চে করেই যাতায়াত করেন। প্রতিদিন এই ঘাট দিয়ে সাত–আটটি লঞ্চ চলাচল করত।
গত বছরের ডিসেম্বর মাসে হঠাৎ করেই এখানে ভাঙন দেখা দেয়। প্রথমে পাকা সড়কের একটি অংশ দেবে যায়। ঝুঁকির মুখে পড়ে পন্টুনে ওঠার সিঁড়ি। এরপর স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পৌর মেয়র একাধিকবার ওই স্থান পরিদর্শন করেন। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান এলাকাটি পরিদর্শন করেন। এরপর গত ১০ জুন লঞ্চঘাটের পন্টুন শহরের মল্লিকপুর এলাকার স্থানান্তর করা হয়।
মধ্যনগর এলাকার বাসিন্দা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, গত সোমবার রাতে তিনি লঞ্চঘাটে এসে দেখেন সেখানে কোনো লঞ্চ নেই। পরে জানতে পারেন, পন্টুন শহরের মল্লিকপুর এলাকায় স্থানান্তর করা হয়েছে। রফিকুল আরও বলেন, পুরোনো লঞ্চঘাট শহরের মাঝামাঝি একটা জায়গায় ছিল। আর পাশেই একটি পুলিশ ফাঁড়ি থাকায় নিরাপত্তা নিয়ে যাত্রীদের ভাবনা ছিল না। তখন যাতায়াতের বিষয়টিও সহজ হতো। কিন্তু এখন যেখানে পন্টুন নেওয়া হয়েছে সেটা শহরের এক প্রান্তে, নির্জন জায়গা। সেখানে যাত্রীদের নিরাপত্তা দেবে কে?
ধরমপাশা উপজেলা সদরের বাসিন্দা আইনজীবী মামুনুর রহমান পুরকায়স্থ বলেন, অনেকবার বলার সত্ত্বেও কর্তৃপক্ষ লঞ্চঘাট বাঁচানোর কোনো পদক্ষেপ নেয়নি। এখন পন্টুন সরিয়ে ফেলেছে।
লঞ্চঘাটের ইজারাদার সাজিব মাহমুদ বলেন, পন্টুনটি পুরোনো স্থানে রাখা জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এদিকে পন্টুন সরিয়ে ফেলায় পুরোনো লঞ্চঘাটের ৪৮ ব্যবসায়ী বিপাকে পড়েছেন।
বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ অঞ্চলের যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিন জানান, নদী ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়ায় আপাতত পন্টুন অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন ওই জায়গায় পন্টুন বেশিদিন রাখা যাবে না। তিনি আরও বলেন, ‘যদি পুরোনো স্থানে নদী ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়া হয় আর আমরা সুবিধামতো জায়গা না পাই তাহলে হয়তো শহরেই পন্টুন রাখা যাবে না।’
পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন, পানি উন্নয়ন বোর্ড ওই এলাকার ভাঙনরোধে চার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্র্রণালয়ে পাঠিয়েছে। পৌরসভার পক্ষ থেকে সড়ক সংস্কার করা হবে। তবে কাজ করতে হবে বর্ষার পরে।যাত্রী, ব্যবসায়ীসহ সবার কথা চিন্তা করেই আবার পুরোনো জায়গায় পন্টুন ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।