সুনামগঞ্জে লটারি ছাড়াই কাজ দেওয়ার অভিযোগ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৮ লাখ টাকার একটি সেতুর কাজ লটারি ছাড়াই স্থানীয় এক আওয়ামী লীগ নেতার আত্মীয়কে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ৫০ জন ঠিকাদারের মধ্যে ৪১ জনের দরপত্র বাতিল করে কাজটি আওয়ামী লীগের নেতার আত্মীয়কে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারী ঠিকাদারেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আমানীপুর-বিষ্ণপুর সড়কে ১৮ লাখ ৬৪ হাজার ৭৬৭ টাকায় একটি সেতু নির্মাণের জন্য আহ্বান করা দরপত্রে ৫০ জন ঠিকাদার অংশ নেন।দরপত্রে অংশগ্রহণকারী কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা বুধবার জানতে পারেন ৫০ জনের মধ্যে ৪১ জনের দরপত্র বাতিল করে উপজেলা পিআইও আবদুল আলীম কাজটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে শামীমের বোনজামাই আবদুল জাহিরকে দিয়েছেন। এ জন্য কোনো লটারি হয়নি।মেসার্স ঘোষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শুভ্রাংশু শেখর তালুকদার ও ঠিকাদার এ টি এম মিছবাহ জানান, তাঁদের না জানিয়েই পিআইও দরপত্র খুলে কাজটি আবদুল জাহিরকে দিয়ে দেন। এ জন্য কোনো লটারি হয়নি। আর আজগুবি কারণ দেখিয়ে পিআইও ৪১টি দরপত্র বাতিল করেন। পরে ৩০ থেকে ৩৫ জন ঠিকাদার পিআইওর সঙ্গে দেখা করে প্রতিবাদ করলে তিনি তাঁদের ওই সিদ্ধান্ত বাতিল করেন। পিআইও আবদুল আলীম মুঠোফোনে বলেন, ‘কাজটি এখনো ঝুলে আছে।’ লটারি ছাড়া একজনকে কাজ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অফিস খোলার দিন ছাড়া কথা বলতে পারবেন না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘আমি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়াত উদ্ দৌলা খান বলেন, যাঁদের দরপত্র বাতিল করা হয়েছিল সেগুলো পুনরায় যাচাই-বাছাই করার পর আবার লটারি হবে।