সুনামগঞ্জে লেগুনায় দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, দুজনকে কারাদণ্ড
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে লেগুনায় শ্লীলতাহানির চেষ্টা করেন লেগুনার চালক ও তাঁর সহকারী। পরে ওই দুজনকে আটক করেন স্থানীয় লোকজন। এরপর ওই দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ওই দুজন হলেন লেগুনার চালক শাহজাহান মিয়া (৩৫) ও তাঁর সহকারী আছকির মিয়া (৩০)। তাঁদের বাড়ি জেলার জগন্নাথপুরের নয়াপাড়া গ্রামে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই দুই ছাত্রী বিদ্যালয় থেকে লেগুনায় করে বাড়ি ফিরছিল। ওই লেগুনায় আর কোনো যাত্রী ছিল না। এ সুযোগে শাহজাহান ও আছকির তাদের শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই দুই ছাত্রী তাদের গ্রামের কাছে এলে লেগুনার চালককে তাদের নামিয়ে দিতে বলে। কিন্তু চালক লেগুনা না থামিয়ে আরও দ্রুতগতিতে চালাতে থাকেন। লেগুনাটি ছয়হারা সেতুর কাছে যাওয়ার পর টোল আদায়কারীরা সেটি থামানোর চেষ্টা করলেও চালক থামাননি। এ সময় লেগুনার ভেতরে থাকা ওই দুই ছাত্রী চিৎকার শুরু করে। টোল আদায়কারীরা সেটি দেখে সামনের বাজারের লোকদের ফোনে বিষয়টি জানান। পরে পাগলা-জগন্নাথপুর সড়কের ভমবমীবাজারে স্থানীয় লোকজন লেগুনাকে থামিয়ে ছাত্রীদের উদ্ধার করেন। এরপর শাহজাহান ও আছকিরকে পুলিশে দেওয়া হয়। পুলিশ ওই দুই ব্যক্তিকে বিকেল পাঁচটার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমানের সামনে হাজির করে। এ সময় শেখ হাফিজুর রহমান তাঁদের ওই এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গতকাল বেলা একটার দিকে ওই দুই ছাত্রীর একজন পায়ে আঘাত পায়। পরে ওই ছাত্রীর গ্রামের আরেক ছাত্রীকে সঙ্গে দিয়ে একটি লেগুনায় করে তাদের পাঠিয়ে দেওয়া হয়। ওই লেগুনায় আর কোনো যাত্রী ছিল না। এ সুযোগেই তাদের শ্লীলতাহানির চেষ্টা চালান লেগুনার চালক ও তাঁর সহকারী।
নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।