সুনামগঞ্জে লোক উৎসব আজ শুরু
সুনামগঞ্জে দেশের তিনজন মরমি কবি ও বাউলসাধকের স্মরণে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী লোক উৎসব শুরু হচ্ছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে বিকেল পাঁচটায় সাধক রাধারমণ দত্ত, মরমি কবি হাসন রাজা ও বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়েছে।গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে উৎসব আয়োজনের বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এতে জানানো হয়, প্রতিদিন বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। প্রথম দিন বাউলসাধক রাধারমণ দত্তের জীবন ও সৃষ্টি, দ্বিতীয় দিন হাসন রাজা এবং তৃতীয় দিন শাহ আবদুল করিমকে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিনই স্থানীয় ও অতিথি শিল্পীরা বাউলসাধকের জনপ্রিয় গান পরিবেশন করবেন। উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার নূরে আলম মিনা, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ ও সাফায়াৎ মাহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।