সুনামগঞ্জে শতাধিক ঔষধি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
সুনামগঞ্জের একটি ঔষধি গাছের বাগানের শতাধিক গাছ শুক্রবার রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ২০ অক্টোবর প্রথম আলোয় এই বাগানটি নিয়ে ‘তিল তিল করে গড়া স্বপ্ন’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।বাগানটি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে অবস্থিত। এখানে ৩৭ জাতের প্রায় এক লাখ ঔষধি গাছ আছে। বাগানের মালিক রেজাউর রহমান জানান, ২৩ অক্টোবর রাতে বাগান থেকে ছয় মণ রড চুরি যায়। বিষয়টি তিনি পুলিশ ও স্থানীয় বিজিবি ক্যাম্পকে অবহিত করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শ্রমিকদের দিয়ে এলাকার পুকুর ও ডোবা-নালা তল্লাশি করান। শ্রমিকেরা এলাকার উত্তর ইসলামপুর গ্রামের শিশু মিয়ার বাড়ির পুকুর তল্লাশি করতে গেলে তিনি বাধা দেন। একপর্যায়ে শ্রমিকদের বেঁধে মারধর করা হয়। এরপর রেজাউর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শিশু মিয়ার লোকজন ওই দিন বিকেলে বাগানে আক্রমণ করে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার রাতে কে বা কারা ্বাগানের বিভিন্ন জাতের শতাধিক ঔষধি গাছ কেটে ফেলেছে। এর মধ্যে আগরগাছই বেশি। রেজাউর রহমান বলেন, ‘আমি ১৪ বছরে তিল তিল করে এই বাগানটি গড়ে তুলেছি। বাগানের গাছ না কেটে দুর্বৃত্তরা আমাকে হত্যা করল না কেন। আমার সঙ্গে কারও মনোমালিন্য থাকতে পারে, এখানে গাছের কী দোষ।’ তিনি অভিযোগ করেন, পুলিশ আগে ব্যবস্থা নিলে হয়তো শুক্রবার রাতের ঘটনা ঘটত না। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘বাগানটি একেবারে সীমান্ত এলাকায় পড়েছে। বাগানে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’