সুনামগঞ্জে শহীদ মিনার ও বগুড়ায় মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলীতে মন্দিরে ও সুনামগঞ্জের ছাতকে শহীদ মিনারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক ও সুনামগঞ্জ অফিসের পাঠানো খবর: বগুড়া: গাবতলী উপজেলার কাগইল বাজারে হিন্দু সম্প্রদায়ের একটি কালীমন্দিরে গতকাল সকালে আগুন দেয় দৃর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সকালে অগ্নিসংযোগ করলে মন্দিরের ফটকের দরজা পুড়ে যায়। পরে লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাগইল গ্রামের শিক্ষক জগবন্ধু রায় প্রথম আলোকে জানান, কমপক্ষে ১০০ বছরের পুরোনো মন্দিরটিতে কালীপূজা, মনসা পূজাসহ বছরের অন্যান্য সময় বিভিন্ন দেব-দেবীর পূজা-অর্চনা চলে আসছিল। গতকাল সকালে দুর্বৃত্তরা মন্দিরের দরজায় কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী প্রথম আলোকে বলেন, এটি নাশকতা কি না, আরও তদন্ত করে তা নিশ্চিত করা হবে। সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর শুকুরুন্নেছা চৌধুরী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম জানান, সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখতে পায়। পরে তিনি এবং অন্য শিক্ষকেরা গিয়ে দেখেন, শহীদ মিনারের বেদিতে পোড়া খড় ও ছাই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আগুনে শহীদ মিনারের পাদদেশের লাল বৃত্তটি কালো হয়ে গেছে। একইভাবে পিলারগুলোর রং জ্বলে গেছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি শহীদ মিনারে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।