সুনামগঞ্জে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা দুই স্কুলে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্লাস বর্জন ও শহরে বিক্ষোভ করেছে। পরে শহরের আলফাতউদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) সমাবেশ করে তারা সন্ত্রাসীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশকে সময় বেঁধে দেয়। একই দাবিতে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে পৃথকভাবে বিক্ষোভ করে। শুক্রবার রাতে ওই বিদ্যালয়ের শিক্ষক অসীম চন্দ্র বর্মণ সন্ত্রাসী হামলার শিকার হন।শিক্ষক অসীম চন্দ্র বর্মণ জানান, তিনি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বক পয়েন্ট এলাকার রাস্তায় কয়েকজন মুখোশধারী তাঁকে ঘিরে ধরে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ওই যুবকেরা তাঁকে রড দিয়ে আঘাত করে টাকাসহ সঙ্গে থাকা মোবাইল ফোনসেট ও একটি ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেয় এবং হাত-পা, মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে একটি নীরব জায়াগায় ফেলে রেখে যায়। গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রথমে ক্লাস বর্জন করে। পরে তারা শহরে বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশ থেকে সন্ত্রাসীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একই সময় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে শহরে মিছিল করে।সুনামগঞ্জ বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ‘স্কুলের শত শত শিক্ষার্থীকে সামাল দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। পরে আমরা তাদের দাবির সঙ্গে একাত্ম হয়ে পুলিশকে অনুরোধ করেছি, যাতে এই সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।’সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘শহরে পুলিশের অভিযান শুরু হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’