সুনামগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকেরা গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।জেলার তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার দুই সহস্রাধিক শ্রমিক গতকাল দুপুরে জেলা শহরে এসে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা শহরের আলফাত স্কোয়ারে (ট্রফিক পয়েন্ট) সমাবেশ করেন। এরপর আবার মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গত দেড় মাস ধরে যাদুকাটা নদী থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রায় ২৩ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাঁরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।ফাজিলপুর শ্রমিক সমিতির সভাপতি ওয়ালিউর রহমান বলেন, বালু-পাথর উত্তোলন বন্ধ থাকায় শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছেন। আবার কাজ শুরু না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। স্মারকলিপি পাওয়ার পর সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান যাদুকাটা নদী পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যাদুকাটা নদী থেকে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেন। এরপর থেকে ওই নদী থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ রয়েছে।