সুনামগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় তিন সাংবাদিক আহত
সুনামগঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাঁর লোকজনের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। এ সময় ক্যামেরা, মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে তাঁদের আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।আহত তিন সাংবাদিককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ গিয়ে আটক সাংবাদিকদের উদ্ধার করে। পুলিশ ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তারকে না পেয়ে তাঁর এক ভাইকে গ্রেপ্তার করেছে। তবে জিনিসপত্র উদ্ধার করা যায়নি। আবদুস সাত্তার নিজে মারধর করেননি দাবি করে প্রথম আলোকে বলেছেন, ‘আমি তাঁদের বাঁচিয়েছি। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো।’আহত সাংবাদিকেরা জানান, গতকাল শনিবার বিকেলে একুশে টেলিভিশন ও দৈনিক সকালের খবর পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি সেজুল হোসেন, দেশ টিভি ও ভোরের কাগজ-এর প্রতিনিধি জাকির হোসেন এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি আল হেলাল সীমান্তহাটের সংবাদ সংগ্রহের জন্য ডলুরা এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে হালুয়ারঘাট এলাকার সুরমা নদীর খেয়া পার হওয়ার সময় সুরমা ইউপির এক সদস্য তাঁদের জানান, পাশেই ভিজিএফের চাল বিতরণ হচ্ছে এবং চেয়ারম্যান ১০ কেজির বদলে ছয় কেজি করে মানুষকে চাল দিচ্ছেন। তাঁরা খেয়া পার না হয়ে সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে এর সত্যতা পান। পরে এই বিষয়ে চেয়ারম্যান আবদুস সাত্তারের বক্তব্য নিতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি জাকির হোসেনকে জাপটে ধরে মারধর শুরু করেন। এই সময় অন্য দুই সহকর্মী তাঁকে রক্ষা করতে গেলে তাঁদের ওপর চেয়ারম্যানের লোকজন হামলা চালায়। পরে তাঁদের মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান গিয়ে তাঁদের উদ্ধার করেন।সদর হাসপাতালে সাংবাদিক জাকির হোসেন জানান, তাঁদের সঙ্গে তিনটি মুভি ক্যামেরা ও দুইটি স্টিল ক্যামেরা ছিল। হামলাকারীরা তিনটি ক্যামেরা, তিনটি মোবাইল ফোনসেট এবং তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা ও আল হেলালের কাছ থেকে আরও তিন হাজার টাকা ছিনিয়ে নেয়।এ ব্যাপারে চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, তাঁরা ঠিকভাবেই চাল বিতরণ করছিলেন। একসময় আল হেলাল নামের একজন সাংবাদিক গিয়ে তাঁর সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলা শুরু করেন। পরে তিনি তাঁকে একটু আড়ালে নিয়ে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করায় আল হেলাল তর্কাতর্কি শুরু করেন। বিষয়টি দেখে জনতা তাঁদের ওপর উত্তেজিত হয়ে হামলা চালায়। সদর থানার ওসি আতাউর রহমান রাত সাড়ে আটটার দিকে জানান, সাংবাদিকদের খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করা যায়নি। তবে চেয়ারম্যান পলাতক থাকায় তাঁর এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।