সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

পুলিশ জানায়, সুনামগঞ্জ পৌর শহরের ইকবালনগর এলাকায় আজ সকাল আটটার দিকে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে বাসের যাত্রী তাকমিনা বেগমের (১৬) লাশ উদ্ধার করা হয়। তাকমিনা ধরমপাশা উপজেলার সেলবরষ গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে। দুর্ঘটনায় আহত ১০ যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল হক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ছাতক উপজেলার কৈতক এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই উপজেলার চেচান গ্রামের আনহার মিয়া (২২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের বাবুল মিয়াকে (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তাঁর মৃত্যু হয়।

ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, পুলিশ প্রাইভেটকারটি  আটক করেছে। চালক পলাতক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।