মালিকানা নিয়ে এলজিইডি–পৌরসভার ঠেলাঠেলি
সুনামগঞ্জে সড়কে খানাখন্দ, লক্ষাধিক মানুষের ভোগান্তি
সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালি-হালুয়াঘাট সড়কের বেহাল হওয়ার কারণে মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্ত ও খানাখন্দে পানি জমায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে৷
দীর্ঘদিন ধরে এ অবস্থা থাকলেও পৌরসভা ও এলজিইডির মধ্যে ঠেলাঠেলির কারণে এত দিন রাস্তার অভিভাবকই চিহ্নিত করা যায়নি৷ অবশেষে গত বছর ডিসেম্বরে এলজিইডি রাস্তাটি পৌরসভাকে বুঝিয়ে দেয়৷ আর ছয় মাস পর পৌরসভা বলছে, চলতি বর্ষা মৌসুম শেষ হলে তারা রাস্তাটি সংস্কার করবে৷
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ধোপাখালি থেকে হালুয়ারঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের ধোপাখালি থেকে হালুয়ারঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের অবস্থা গত দুই বছর ধরে বেহাল। বেশি খারাপ অবস্থা সড়কের নবীনগর এলাকায়। এলাকাবাসী এই সড়ক সংস্কারের দাবিতে সম্প্রতি মানববন্ধবও করেছে। কয়েকজন এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে নবীনগর, মাইজবাড়ি, ধারাগাঁও, খাইমতর এবং সদর উপজেলার সুরমা নদীর উত্তর পাড়ের তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন জেলা শহরে যাতায়াত করে৷ কিন্তু দুই বছর ধরে সড়কটি বেহাল হওয়ার কারণে মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন, ‘সড়কটির কিছু অংশ পৌরসভার আর কিছু অংশ আমাদের৷ ফলে জটিলতার কারণে কাজ করা যায়নি৷ আর সড়কটি সংস্কারে বরাদ্দও ছিল না৷ অবশ্য গত ডিসেম্বরে ধোপাখালি থেকে হালুয়ারঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের মধ্যে যেটুকু আমাদের ছিল তা পৌরসভাকে বুঝিয়ে দেওয়া হয়েছে৷’
সুনামগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন বলেন, এক সময় এই সড়কের কাজ এলজিইডি করলেও এখন থেকে তারা (এলজিইডি) আর কাজ করবে না বলে জানিয়েছে। সড়কটি পৌরসভার অধীনে নিয়ে আসা হয়েছে। এখন কাজ করবে পৌরসভা। তিনি বলেন, ‘আমরা এই সড়কে আরসিটি ঢালাইয়ের কাজ করব। তবে দরপত্র আহ্বান এবং কাজ হবে বর্ষার পরে। কারণ, ঢালাইয়ের কাজ বৃষ্টিতে টেকে না।’