সুনামগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আহত, ভাঙচুর
চাঁদা দিতে রাজি না হওয়ায় সুনামগঞ্জ শহরে গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় তিন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শহরের চাঁদনীঘাট এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এক ব্যবসায়ীর দোকানেও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে শহরে বিক্ষোভ করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।শহরের চাঁদনীঘাট এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ী ফজলুর রহমান জানান, ৮-১০ জনের একটি দল সন্ত্রাসী ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে তাঁর দোকানে এসে চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা দোকানের ক্যাশবাক্সের চাবি চায়। চাবি দিতে রাজি না হওয়ায় তারা ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর ভাই শফিকুল ইসলাম (৪০) এবং দুই ছেলে নূর হোসেন (৩০) ও দিলোয়ার হোসেন (২৫) আহত হন। তাঁরা তিনজনই ব্যবসা করেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।