বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ব্যারিস্টার এম আমিরুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিয়ম সভায় ব্যারিস্টার এম আমিরুল ইসলামসহ পরিষদের অন্য প্রার্থীরা আইনজীবীদের কাছে ভোট চান।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আপ্তাবউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় ওই পরিষদের প্রার্থী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, শ ম রেজাউল করিম বক্তব্য দেন।
এ ছাড়া বক্তব্য দেন ব্যারিস্টার তানিয়া আমীর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শুকুর আলী, সুনামগঞ্জের জ্যৈষ্ঠ আইনজীবী স্বপন কুমার দেব, সুরেশ চন্দ্র দাস, আলী আমজাদ, শফিকুল আলম, মতিউর রহমান পীর, মর্তুজা আলী প্রমুখ।
বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং আইনজীবীদের গুণগত মানোন্নয়নে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।