সুনামগঞ্জের ধরমপাশায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সুনামগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। এর আগে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।ধরমপাশা উপজেলার জনতা উচ্চবিদ্যালয় মাঠে গত মঙ্গলবার রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনেই হামলার শিকার হন তিনি। তাঁকে রাতেই প্রথমে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন সাংবাদিকেরা। এ সময় বক্তারা বলেন, ‘আমরা সরকার, দল বুঝি না, যারা হামলা করেছে, তারা সন্ত্রাসী। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, বিজন সেন রায়, লতিফুর রহমান রাজু, পঙ্কজ দে, আবেদ মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, শামস শামীম, এমরানুল হক চৌধুরী, হাবিব সারোয়ার আজাদ প্রমুখ। মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভা, সমকাল সুহূদ সমাবেশ, যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরাও অংশ নেন। পরে শহরে মিছিল হয়। সালেহ আহমদের ওপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরের নেতৃত্বে ২০-৩০ জন হামলা করেন। এতে তিনি আহত হন।নেত্রকোনায় সাংবাদিকদের নিন্দা: নেত্রকোনা প্রতিনিধি জানান, সালেহ আহমদের ওপর হামলার নিন্দা ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নেত্রকোনা সাংবাদিক সমাজ। এর প্রতিবাদে আজ বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে।